
ভ্রমণ বাংলাদেশকে চেনার অন্যতম সুন্দর উপায়। দেশের ৬৪ জেলা যেন ৬৪ রকম গল্প—কোথাও পাহাড়, কোথাও সমুদ্র, আবার কোথাও নদী, হাওর-বাঁওড়, ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শন। তবে ৬৪ জেলার মধ্যে কতটি ঘুরেছেন, সেই হিসাব অনেকেরই ঠিকভাবে জানা থাকে না।
এবার অনলাইন ভ্রমণ ম্যাপের মাধ্যমে সহজেই নিজের ঘোরা জেলার হিসাব রাখতে পারবেন। ‘আনসিন বাংলাদেশ’ ওয়েবসাইটে গিয়ে ৬৪ জেলার তালিকা থেকে যেসব জেলা ঘুরেছেন, সেগুলো নির্বাচন করা যাবে। চাইলে সরাসরি মানচিত্রে ক্লিক করে কিংবা জেলার নাম লিখেও খুঁজে নেওয়া যাবে। নির্বাচিত জেলার সংখ্যা ৬৪টির মধ্যে কতটি, সেটিও ম্যাপে দেখাবে।
ম্যাপটি নিজের পছন্দ অনুযায়ী সাজানোর জন্য রয়েছে পাঁচটি থিম। চাইলে নিজের নাম ও ছবি যুক্ত করা যাবে। নাম না দিলে ম্যাপে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে। তৈরি করা ম্যাপ পিএনজি, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যাবে।
শুধু আগের ভ্রমণের হিসাব নয়, নতুন গন্তব্য ঠিক করতেও কাজে আসবে ওয়েবসাইটটি। ৬৪ জেলার ২৪০টির বেশি দর্শনীয় স্থানের তথ্য রয়েছে এখানে। কোনো জায়গা খুঁজলে দর্শনীয় স্থান, যাতায়াতের উপায়, আনুমানিক খরচ ও থাকার তথ্য পাওয়া যাবে। তবে ভাড়া ও খরচ সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, তাই ভ্রমণের আগে সর্বশেষ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
একাধিক জেলা নিয়ে ভ্রমণের জন্য রয়েছে ‘ট্রিপ প্ল্যানার’। কোথা থেকে যাত্রা শুরু করবেন, কোন কোন জেলা ঘুরবেন, কোন কোন স্থান দেখবেন এবং কীভাবে রুট সাজাবেন—সবই নির্ধারণ করা যাবে। চাইলে সবচেয়ে কম দূরত্বের রুট বেছে নেওয়া যাবে, আবার নিজের পছন্দ অনুযায়ী রুটও সাজানো যাবে।
ট্রিপ প্ল্যানারে ভ্রমণের সময়কাল, বাজেট ও ভ্রমণকারীর সংখ্যা নির্ধারণের সুবিধাও রয়েছে। যাতায়াত ও থাকার ধরন বাজেট অনুযায়ী পরিকল্পনা করা যাবে। চাইলে ভ্রমণ শেষে শুরুর জায়গায় ফেরার বিষয়টিও যুক্ত করা যাবে। পুরো পরিকল্পনা প্রিন্ট বা পিডিএফ আকারেও নেওয়া যাবে।
ভ্রমণের পাশাপাশি বাংলাদেশের ভূগোল সম্পর্কে ধারণা বাড়াতে রয়েছে কুইজ ও ম্যাপ পাজল। ‘বাংলাদেশকে কতটা চেনেন?’ কুইজে ১০টি প্রশ্ন ও তিনটি স্তর রয়েছে। আর ম্যাপ পাজলে ৬৪টি জেলা সঠিক জায়গায় বসানোর চ্যালেঞ্জ রয়েছে। ভালো করলে লিডারবোর্ডে নিজের অবস্থানও দেখা যাবে।
‘আনসিন বাংলাদেশ’-এর ধারণার পেছনে রয়েছেন ডিজাইনার ও ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিন। নিজের ভ্রমণের হিসাব রাখতে ম্যাপ তৈরি করতে গিয়েই এমন একটি উদ্যোগের ভাবনা আসে তার। তার ভাষ্য, দেশকে নতুন করে চিনতে ও ভ্রমণ করতে আগ্রহীদের জন্যই এই উদ্যোগ।
ইতোমধ্যে উদ্যোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। সাব্বির হোসেন রবিন জানিয়েছেন, একসময় একসঙ্গে ১২০০-এর বেশি মানুষ ট্রাভেল ম্যাপ ওয়েব অ্যাপে ছিলেন। ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। ভবিষ্যতে কাস্টম ডোমেইন যুক্ত করার পাশাপাশি প্লে স্টোরে অ্যাপ জমা দেওয়ার কাজও চলছে।