
কক্সবাজারে অভিযান চালিয়ে মালিকবিহীন এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বাইশফাঁড়ী বিওপির টহল দল এ অভিযান চালায়।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৩৪ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।