
বলিউড অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে গোয়া পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪ ধারায় মামলাটি করা হয়েছে। তবে এ ধরনের মামলা হওয়া মানেই মৃত্যুর পেছনে অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক কোনো কারণ রয়েছে, এমন নয় বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ার দোনা পাউলার ওসান পার্ক এলাকার বাড়ি থেকে নানা পাটেকরকে মণিপাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ পানাজি থানাকে বিষয়টি জানালে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করে। তদন্তের দায়িত্বে রয়েছেন সাব-ইন্সপেক্টর নীতিন নায়েক।
পুলিশ হাসপাতালের চিকিৎসক ও অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য তথ্য পর্যালোচনার পর মৃত্যুর বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে চিকিৎসকদের বরাতে বলা হয়েছে, নানা পাটেকরের আগে থেকেই হৃদ্রোগের সমস্যা ছিল এবং তিনি নিয়মিত ওষুধ সেবন করতেন। চিকিৎসক শেখর সালকারের ভাষ্য অনুযায়ী, অসুস্থ বোধ করায় রাত আনুমানিক আড়াইটার দিকে এক বন্ধুকে বার্তা পাঠিয়েছিলেন অভিনেতা। পরে ভোর ৪টার দিকে ওই বন্ধু তাঁর বাড়িতে গিয়ে তাঁকে অসুস্থ অবস্থায় দেখতে পান। বাড়িতেই তাঁকে সিপিআর দেওয়া হয় এবং পরে হাসপাতালে নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ভোর ৫টা ২০ মিনিটে তাঁর মৃত্যুর কথা জানানো হয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদনসহ তদন্তের অন্যান্য তথ্য পাওয়ার আগে মৃত্যুর কারণ নিয়ে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।