
প্রিয়জনের জন্মদিন ভুলে যাওয়ার ঝামেলা কমাতে নতুন ফিচার আনছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অ্যাপটিতে যুক্ত হতে যাচ্ছে বিল্ট-ইন ‘বার্থডে রিমাইন্ডার’ সুবিধা। এর মাধ্যমে জন্মদিনের আগে ব্যবহারকারীদের নোটিফিকেশন দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হবে বিশেষ দিনটির কথা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবিটাইনফোর তথ্য অনুযায়ী, ফিচারটি চালু হলে কারও জন্মদিন ঘনিয়ে আসার আগেই হোয়াটসঅ্যাপ থেকে নোটিফিকেশন পাবেন ব্যবহারকারীরা। ফলে জন্মদিন মনে রাখার জন্য আলাদা ক্যালেন্ডার অ্যাপের ওপর নির্ভরতা কমবে।
তবে এই সুবিধা পেতে ব্যবহারকারীদের নিজেদের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে জন্মতারিখ যুক্ত করতে হবে। যারা অ্যাপে জন্মতারিখ দেবেন, কেবল তারাই ফিচারটির আওতায় আসবেন।
প্রতিবেদন অনুযায়ী, ফিচারটি বর্তমানে উন্নয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করা হতে পারে।