
কক্সবাজারের টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ তিন কিশোরকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। রোববার (১১ অক্টোবর) দুপুরে উখিয়ার জামতলি বাজার এলাকার একটি মসজিদ থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কিশোরেরা হলো—শফিউল আলম (১৪), মো. আজাদ (১৩) ও মো. আরমান (১২)। তারা ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিকদার জানান, শনিবার সকালে তিন কিশোর মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর ফিরে না আসায় পরদিন সকালে পরিবারের সদস্যরা বিষয়টি এপিবিএন ক্যাম্পে জানান।
পরে নিখোঁজ কিশোরদের উদ্ধারে এপিবিএন পুলিশের একটি বিশেষ দল অনুসন্ধান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে উখিয়ার জামতলি বাজার এলাকার একটি মসজিদ থেকে তাদের উদ্ধার করা হয়।
প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া তিন কিশোরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন।