
হুতিদের হামলার পর সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ৬১টি ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। এতে অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন ৯ হাজার ২৬৯ জন যাত্রী।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাইদুবাইয়ের ৫টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।
বেবিচক জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা নিয়ে যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।