
কাজের প্রস্তাব দেওয়ার আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ তুলেছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী নীতি টেলর। একই সঙ্গে সাবেক প্রেমিকের হাতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানান নীতি। অভিনেত্রী বলেন, দক্ষিণি সিনেমায় কাজ করার সময় তাঁর অভিনীত সিনেমার সংখ্যা ছিল মাত্র দুটি। সে সময় প্রথম সিনেমার পরিচালক তাঁকে আরেকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। তবে ফোনে ওই পরিচালক জানান, চরিত্রটি পেতে হলে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে।
এমন প্রস্তাবে হতবাক হয়ে ফোন কেটে দেন নীতি। পরে পরিচালকের নম্বর ব্লক করে মাকে পুরো ঘটনা জানান। ওই পরিচালককে বয়স্ক ব্যক্তি উল্লেখ করে অভিনেত্রী বলেন, অন্য নারীদের সঙ্গে তাঁকে দেখলেও কখনো ভাবেননি, তিনি এমন দাবি করবেন।
সাক্ষাৎকারে সাবেক প্রেমিকের নির্যাতনের কথাও তুলে ধরেন নীতি। তাঁর দাবি, ওই সম্পর্কে তিনি মানসিক নির্যাতনের পাশাপাশি শারীরিক সহিংসতার শিকার হন। একপর্যায়ে সাবেক প্রেমিক সিগারেট দিয়ে তাঁর শরীর পুড়িয়ে দেন এবং তাঁকে চড় মারেন।
নীতি জানান, সাবেক প্রেমিকের জন্মদিনে এক রাতে তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চড় মারেন। ওই ঘটনার পরই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
দীর্ঘদিন পর অতীতের এসব অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নীতি টেলর। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে বিনোদনজগতে কাজের সুযোগের নামে অনৈতিক প্রস্তাব এবং ব্যক্তিগত সম্পর্কে নির্যাতনের বিষয়গুলো আবারও আলোচনায় এসেছে।