
দুর্ঘটনা কমাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া ও লোহাগাড়া অংশে সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। তিনটি প্যাকেজে মোট ২১ দশমিক ৮ কিলোমিটার সড়ক ২১ ফুট থেকে ৩৪ ফুটে প্রশস্ত করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় প্রায় ৯০০ মিটার সড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, প্রকল্পের প্রথম প্যাকেজে সাতকানিয়ার রাস্তার মাথা থেকে লোহাগাড়ার রাজঘাটা সেতু পর্যন্ত ৮ দশমিক ২ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৩৭ কোটি ২৯ লাখ টাকা। কাজটি করছে এমএএইচ কনস্ট্রাকশন।
দ্বিতীয় প্যাকেজে রাজঘাটা সেতু থেকে চুনতির গ্রিন ভিউ নার্সারি পর্যন্ত ৭ দশমিক ২ কিলোমিটার সড়ক প্রশস্ত করছে এমএ ইঞ্জিনিয়ারিং। এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ কোটি টাকা। তৃতীয় প্যাকেজে গ্রিন ভিউ নার্সারি থেকে জাঙ্গালিয়া পর্যন্ত ৬ দশমিক ৪ কিলোমিটার সড়ক প্রশস্ত করছে এমএএইচ কনস্ট্রাকশন। এতে ব্যয় হচ্ছে প্রায় ৩৭ কোটি টাকা। তিন প্যাকেজে মোট ব্যয় ধরা হয়েছে ১০৮ কোটি ২৯ লাখ টাকা।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, মহাসড়ক প্রশস্তকরণের কাজের প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষায় মান সন্তোষজনক হলেই বিল অনুমোদন দেওয়া হয়।
তিনি আরও জানান, আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের পরও কাজে ত্রুটি হতে পারে। তাই কাজের মান নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষা ও তদারকি করা হচ্ছে।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, দুর্ঘটনা কমাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার থেকে ছয় লেনে উন্নীত করা হোক। সড়ক প্রশস্তকরণের চলমান উদ্যোগে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।