
সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ও বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (১৪ অক্টোবর) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে অনৈতিক কাজের অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।
বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুতরতা এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘনসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগ এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে তাকেও আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।