
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ নবী হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান চালায়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ২০ মিনিটের দিকে সীমান্তবর্তী সাইদুল বাশারের ঘেরের দক্ষিণ পাশে বেড়িবাঁধে বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় মিয়ানমার দিক থেকে গামছায় মোড়ানো পোটলা হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
পরে ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। তার হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচ কার্টনে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক নবী হোসেন কক্সবাজারের উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-১৬-এর ব্লক-এ এলাকার বাসিন্দা। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
৬৪ বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।