
জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী দেশ ও বহুজাতিক কোম্পানিগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ দাবি করেছেন পরিবেশকর্মীরা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় কক্সবাজারের পেকুয়ায় ‘জলবায়ু ক্ষতিপূরণ চাই, ঋণ নয়—এখনই ক্ষতিপূরণ চাই’ স্লোগানে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। পেকুয়া চৌমুহনী-সাবমেরিন নৌঘাঁটি সড়কে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশবাদী সংগঠন ধরা (পৃথিবী রক্ষায় আমরা) ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা অংশ নেন।
১২ থেকে ১৮ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভাকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়। আয়োজকেরা বলেন, জলবায়ু অভিযোজনের নামে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে নতুন করে ঋণের বোঝায় ফেলা যাবে না।
মানববন্ধনে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে শিল্পোন্নত দেশ ও বহুজাতিক কোম্পানিগুলো কয়েক দশক ধরে বিপুল মুনাফা অর্জন করেছে। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোকে। কৃষক, জেলে, লবণচাষি, উপকূলীয় জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন।
তারা বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, বন্যা, লবণাক্ততা, খরা ও ফসলহানিতে প্রতিবছর মানুষের ঘরবাড়ি, কৃষিজমি ও জীবিকার ব্যাপক ক্ষতি হচ্ছে। বারবার দুর্যোগের আঘাতে অনেক পরিবার ঘুরে দাঁড়ানোর সক্ষমতা হারাচ্ছে। এর মধ্যে অভিযোজন, পুনর্বাসন ও পুনর্গঠনের ব্যয় মেটাতে ঋণ নিতে হওয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।
বক্তারা আরও বলেন, জলবায়ু অভিযোজনের উদ্যোগ শুধু অবকাঠামো নির্মাণ বা প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও জীবিকা পুনর্গঠন, নিরাপদ আবাসন, খাদ্য ও সুপেয় পানির নিশ্চয়তা এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে বক্তব্য দেন ধরা’র পেকুয়া উপজেলা সমন্বয়ক ও পরিবেশকর্মী দেলোয়ার হোসাইন, পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুজিবুল হক চৌধুরী এবং নূর আয়েশা খান ফাউন্ডেশনের সভাপতি এম. আমজাদ হোসাইন। এ ছাড়া ফাউন্ডেশনটির সাংগঠনিক সম্পাদক তারেক নাজেরী, নির্বাহী সদস্য সাইফুল নাজেরী, স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের তামিম ইকবাল, কোস্টাল মুক্তা রোভার স্কাউটস গ্রুপের সহকারী দলনেতা জান্নাতুল মাওয়াসসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।