
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবদুল্লাহ ও মো. ইয়াছিন। আবদুল্লাহ টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে। ইয়াছিন মাতামুহুরী উপজেলার সাহারবিল রামপুর এলাকার মো. দুলালের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকাগামী শ্যামলী এনআর পরিবহনের একটি বাসের সঙ্গে চকরিয়া থেকে কক্সবাজারগামী সবজিবাহী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক মো. সেলিম মিয়া জানান, নিহত দুজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।