
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে। এতে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী এলাকার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
নতুন সূচি অনুযায়ী, ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেস রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছানোর কথা। ট্রেনটি রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং রাত ৩টায় সেখান থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে।
ফিরতি পথে ৭২১ নম্বর মহানগর এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। চট্টগ্রাম থেকে দুপুর সাড়ে ১২টায় ছেড়ে ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, ২৬ অক্টোবর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেস ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে। সোমবার সন্ধ্যায় কমলাপুর স্টেশনে বর্ধিত রুটের সেবা উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উপস্থিত থাকবেন।
নতুন রুটে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা কক্সবাজারে যাতায়াতের সুবিধা পাবেন। এতদিন ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের বিরতিহীন চলাচলের কারণে এসব এলাকার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যেতে পারতেন না।
মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ এবং আসনসংখ্যা ৭০৬ থেকে ৭৩৬টি। প্রতি সপ্তাহের রবিবার ট্রেনটির সাপ্তাহিক ছুটি। নতুন রুটে চলাচলের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে। প্রথম দিনের টিকিট দ্রুত শেষ হয়ে যাওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ট্রেনটির রুট সম্প্রসারণে যাত্রীদের মধ্যে উৎসাহ দেখা গেলেও সময়সূচি ঠিক রাখা নিয়ে উদ্বেগ রয়েছে। একটি রেক দিয়েই ঢাকা ও কক্সবাজারের মধ্যে যাওয়া-আসা করায় ঢাকায় ট্রেনটি প্রায় দুই ঘণ্টা এবং কক্সবাজারে প্রায় তিন ঘণ্টা সময় পাবে। এ সময়ের মধ্যে ইঞ্জিন পরিবর্তন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে হবে। পথে বিলম্ব হলে নির্ধারিত সময়সূচি বজায় রাখা কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আখাউড়ার ব্যবসায়ী ইয়াছিন চৌধুরী জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি কক্সবাজার যাবেন। মহানগর এক্সপ্রেসে সরাসরি যাতায়াতের সুযোগকে তিনি যাত্রীদের জন্য সুবিধাজনক বলে উল্লেখ করেন। শিক্ষক মো. রাকিবুল ইসলামও ২৭ অক্টোবরের জন্য ট্রেনটির টিকিট কেটেছেন বলে জানান।
এদিকে, মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের কারণে সোমবার চট্টগ্রাম-ঢাকা পথে ট্রেনটির নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে বলে সর্বশেষ তথ্যে জানানো হয়েছে। ট্রেনটির খালি রেক রবিবার রাতে ঢাকায় নিয়ে আসা হয়েছে।