
কক্সবাজারের মহেশখালীতে ট্রলি উল্টে চাকার নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজির পাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন মুন্সির ডেইল গ্রামের মৃত তজু মিয়ার ছেলে। তিনি পেশায় ডেকোরেশন শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে ডেকোরেশনের দোকান থেকে মালামাল নিয়ে ট্রলিতে করে ফকিরাঘোনায় কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন আনোয়ার। পথে মিয়াজির পাড়া এলাকায় পৌঁছালে রাস্তার পাশের নিচু গর্তে পড়ে ট্রলিটি উল্টে যায়। এ সময় তিনি ট্রলির চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেকোরেশনের মালিক জাহাঙ্গীর আলম জানান, সকালে তিনি দোকানের ছয়জন কর্মীকে বিভিন্ন চলমান কাজের জন্য পাঠিয়েছিলেন। আনোয়ারকে মালামাল নিয়ে ফকিরাঘোনায় যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। আনোয়ার গত দেড় বছর ধরে তাঁর প্রতিষ্ঠানে কাজ করছিলেন।
নিহত আনোয়ারের মা জানান, মাত্র ছয় মাস আগে তাঁর ছেলের বিয়ে হয়েছিল।