
কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত বোন হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি মো. ইদ্রিসকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে টেকনাফের মিঠাপানিরছড়া এলাকার বারেক হাসান মাসুম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এসআরবি জানায়, ইদ্রিস ওই হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তার ইদ্রিস টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাবিরছড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হোসেন আহাম্মদ।
এসআরবি আরও জানায়, টেকনাফ মডেল থানার বহুল আলোচিত এ হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।