
বিশ্ব ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ব্যালন ডি’অর’-এর আদলে ক্রিকেটেও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ডিজিটাল প্ল্যাটফর্মে পুরস্কার ঘোষণার প্রচলিত পদ্ধতি থেকে সরে এসে এবার সরাসরি তারকাখচিত অ্যাওয়ার্ড নাইট আয়োজন করতে চায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্স এবং দলীয় সাফল্য বিবেচনায় নিয়ে ২০২৭ সালে প্রথমবারের মতো সরাসরি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ কারণে ২০২৫ সালের বর্ষসেরা পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিকতা স্থগিত রাখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আয়োজনটিতে থাকবে লাল গালিচা, বর্ণিল মঞ্চ এবং বিশ্ব ক্রিকেটের তারকাদের উপস্থিতি। ফুটবলের ব্যালন ডি’অর কিংবা আমেরিকান ফুটবলের ‘এনএফএল অনার্স’-এর মতো অনুষ্ঠানটিকে বৈশ্বিক আকর্ষণে পরিণত করার লক্ষ্য আইসিসির।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, এতদিন ডিজিটাল মাধ্যমে পুরস্কার দেওয়ার প্রচলন থাকলেও এবার সেটিকে আরও জাঁকজমকপূর্ণ ও আন্তর্জাতিক পরিসরে পরিচিত করে তোলার পরিকল্পনা রয়েছে।
২০২৭ সালের অনুষ্ঠানে আগের মতোই স্যার গারফিল্ড সোবার্স ট্রফি—বর্ষসেরা পুরুষ ক্রিকেটার এবং রাচেল হেইহো ফ্লিন্ট ট্রফি—বর্ষসেরা নারী ক্রিকেটার পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি, উদীয়মান ক্রিকেটার এবং স্পিরিট অব ক্রিকেট বিভাগেও পুরস্কার দেওয়ার কথা রয়েছে। এসব পুরস্কারের জন্য ২০২৫ ও ২০২৬—দুই ক্যালেন্ডার বছরের পারফরম্যান্স একসঙ্গে মূল্যায়ন করা হবে।
তবে অনুষ্ঠানের ভেন্যু, ভোটগ্রহণ পদ্ধতি ও চূড়ান্ত পুরস্কার বিভাগ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আইসিসি। সংস্থাটি জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।