
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ নয়জনকে আটক করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত ২টার দিকে কোস্ট গার্ডের একটি জাহাজ ওই এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করে।
তিনি জানান, বোটে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। সারগুলো অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দ করা সার, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সীমান্ত ও সমুদ্র এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।