
কক্সবাজারে এক বিকাশ দোকানিকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ তুলেছেন আহত ব্যক্তির স্বজনেরা।
আহত মোহাম্মদ সাঈদ সদরের খরুলিয়া বাজারের ‘ছবিঘর’ নামের একটি প্রতিষ্ঠানে বিকাশের ব্যবসা করেন। তাঁর খালাতো ভাই হাবিবের ভাষ্য, প্রতিদিনের মতো রোববার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সাঈদ। মুন্সিপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার যুবক তাঁর পথরোধ করে। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
হামলার পর সাঈদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
হাবিবের দাবি, হামলাকারীদের মধ্যে ঝিলংজা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি খোরশেদকে চিনতে পেরেছেন সাঈদ। তাঁর নেতৃত্বেই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে স্বজনদের জানিয়েছেন আহত ব্যক্তি। তবে অন্য তিনজনকে শনাক্ত করতে পারেননি তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি ঘটনাটি জেনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে এবং এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হামলা ও ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।