
কক্সবাজারের উখিয়ায় অপহরণের ১০ দিন পর মুজিবুর রহমান (৩২) নামে এক রোহিঙ্গা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বিকেলে জালিয়াপালং ইউনিয়নের নুনিয়ারছড়া এলাকার গহীন জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তাঁর মাথা ও দেহ আলাদা অবস্থায় পাওয়া যায়।
নিহত মুজিবুর রহমান উখিয়ার বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-৬ ব্লকের বাসিন্দা।
পরিবারের অভিযোগ, গত ২৩ অক্টোবর পালংখালী এলাকায় একটি টমটমের গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে মুজিবুর রহমানকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে মুঠোফোনে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।
এ ঘটনায় মুজিবুর রহমানের স্ত্রী উখিয়া থানায় অভিযোগ করেন। অভিযোগে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। অপহরণ, মুক্তিপণ দাবি ও হত্যার অভিযোগ তদন্ত করছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।