
রাঙামাটির সাজেক সড়কে টানা অবরোধের প্রতিবাদে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। আগামী বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ নভেম্বর) এ কর্মসূচি পালন করা হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির সদস্যসচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকে গত ১১, ১৫ ও ২২ থেকে ৩১ অক্টোবর এবং সর্বশেষ ২ নভেম্বর চতুর্থ দফায় অবরোধের কারণে সাজেক পর্যটন সড়ক, স্থানীয় পর্যটন শিল্প ও সাধারণ মানুষ চরম ভোগান্তি এবং আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী দলের মদদপুষ্ট সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্যকরী অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যপ্রণোদিত অবরোধের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টানা অবরোধের কারণে স্থানীয় জুমচাষিরা উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না। ফলে পণ্য পচে নষ্ট হচ্ছে। পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় ব্যবসায়ী, যানবাহন মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট অনেকের আয়-রোজগার বন্ধ হয়ে জীবিকা নির্বাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।
সংগঠনটির অভিযোগ, আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী দলগুলো অস্ত্রের ভয় ও জরিমানার মাধ্যমে জুমচাষিদের অবরোধ পালনে বাধ্য করছে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অপহরণ ও হত্যার মাধ্যমে পাহাড়কে অস্থিতিশীল করে তোলা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ পরিস্থিতিতে সাজেকসহ পার্বত্য এলাকার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।