
কক্সবাজারের উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ভ্যানিটি ব্যাগে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক রোকসানা বেগম (৩৫) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম আবদুল জলিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রোকসানা বেগমের বহন করা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে থাকা ৫০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।