
টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ১৫০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকার বহু পরিবার দুর্ভোগে পড়েছে। বিশেষ করে দিনমজুর ও নিম্নআয়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় তারা খাদ্যসংকটে পড়েন।
এ পরিস্থিতিতে মানবিক উদ্যোগ হিসেবে ১১ বিজিবি ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মধ্যে রান্না করা খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে। এ সময় বিজিবির সদস্যরা উপকারভোগীদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।