
কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা ও একটি মোবাইল ফোনসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, দুপুর ১২টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ পূর্ব ফারির বিলের গুইল্লাখালী এলাকায় টহলরত সদস্যরা মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেন। তারা হলেন উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল এলাকার মোহাম্মদ আফসার উদ্দিন (২৮) ও লোকমান হাকিম (২৯)।
বিজিবি জানায়, আটক দুজনের দেহ তল্লাশি করে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশ থেকে সার ও ভোজ্যতেল মিয়ানমারে পাচার করে ওই অর্থ নিয়ে ফিরছিলেন বলে স্বীকার করেছেন বলেও জানায় বিজিবি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে।