
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ১৪টি ট্রলিং জাল জব্দ করা হয়েছে। এসময় ৩৭ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (১২ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী শেখেরখীল মাছঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৪টি ট্রলিং জাল উদ্ধার এবং ৩৭ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ট্রলিং বোট, জাল এবং আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ মাছ আহরণ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।