
আগামী ১৫ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রধানমন্ত্রীর জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে ফলজ, বনজ ও ঔষধি- এই তিন শ্রেণির সমন্বয়ে মোট পাঁচটি গাছের চারা রোপণ করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনাটি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা গড়ে তোলাই মূল লক্ষ্য।