
টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৩ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে বাঁশখালীর উত্তর জলদি এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে পড়া ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
কোস্ট গার্ড জানায়, সপ্তাহব্যাপী চলমান দুর্যোগে উপকূলীয় দুর্গম এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটকালে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে বাহিনী।