
ফ্রান্স ও স্পেনের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করবেন এল সালভাদরের রেফারি ইভান বারটন। ম্যাচের আগেই ফিফা এ নিয়োগ চূড়ান্ত করেছে। ডালাসে অনুষ্ঠিতব্য ম্যাচটি হবে এবারের বিশ্বকাপে বারটনের চতুর্থ দায়িত্ব।
কনকাকাফ অঞ্চলের অভিজ্ঞ এই রেফারি ২০২২ কাতার বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছিলেন। এবারের আসরে তিনি গ্রুপ পর্বের তুরস্ক–প্যারাগুয়ে ও জাপান–সুইডেন ম্যাচ এবং শেষ ষোলোতে কলম্বিয়া–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করেছেন।
তুরস্ক–প্যারাগুয়ে ম্যাচে একটি সিদ্ধান্ত নিয়ে আলোচনায় আসেন বারটন। ম্যাচের প্রথমার্ধে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরনকে লাল কার্ড দেখান তিনি। মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার ঘটনায় এবারের বিশ্বকাপে এটিই ছিল প্রথম লাল কার্ডের ঘটনা।
ফ্রান্স–স্পেন ম্যাচে বারটনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তাঁরই স্বদেশি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। চতুর্থ রেফারি থাকবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মাহবোদ বেগি।
এই দায়িত্ব পাওয়ার মাধ্যমে নতুন ইতিহাসও গড়তে যাচ্ছেন ইভান বারটন। পুরুষদের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম এল সালভাদরীয় রেফারি হিসেবে নাম লেখাতে যাচ্ছেন তিনি।