
টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) বন্যাদুর্গত ১৯০টি পরিবারের মাঝে রান্না করা খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা বর্ষণে সীমান্তবর্তী বিভিন্ন এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধীন জামছড়ি, ফুলতলী, ভালুখাইয়া, লেম্বুছড়ি, দোছড়ি ও মিলেনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সাপমারাঝিড়ি, বাহিরমাঠ, হাজিরমাঠ, ডাক্তারকাটা, বামহাতিরছড়া, ম্যান্ডেলপাড়া ও দোছড়িপাড়ার পাহাড়ি ও বাঙালি দিনমজুর, অসহায় ও হতদরিদ্র ১৯০টি পরিবারের মধ্যে মোট ৪৬০ প্যাকেট রান্না করা খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সহায়তা বিতরণের সময় বিজিবি সদস্যরা উপকারভোগীদের খোঁজখবর নেন এবং চলমান দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতির পরিবেশ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাকবলিত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বিজিবি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, "দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"