
কক্সবাজারে কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা।
সোমবার (১৩ জুলাই) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৩টার দিকে কক্সবাজার সদর থানার জুমছড়ি সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকার একটি তালাবদ্ধ ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক ও যৌথ অভিযান অব্যাহত রাখবে।"