
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার অভিযুক্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ৪৫ বছর পর গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৫ জুলাই) গভীর রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কোর্ট মার্শালের জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে তাকে আটক করে। দীর্ঘ সময় তিনি বিভিন্ন পরিচয়ে আত্মগোপনে ছিলেন। তদন্তকারীদের দাবি, ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ভারতে অবস্থান করেন এবং পরে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে চলাফেরা করতেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এর আগের দিন তিনি দলীয় নেতাদের মধ্যকার বিরোধ মেটাতে দুই দিনের সফরে চট্টগ্রামে গিয়েছিলেন। তদন্তসংশ্লিষ্ট তথ্য ও মামলার নথি অনুযায়ী, হত্যাকাণ্ডে অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ছিলেন অন্যতম। অভিযোগ রয়েছে, তিনিই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করে গুলি করেন এবং পরে চট্টগ্রাম সেনানিবাসে হত্যার খবর পৌঁছে দেন।
হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কয়েকজন অভিযুক্ত গ্রেপ্তার হলেও মেজর মোজাফফর হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। এরপর দীর্ঘ ৪৫ বছর তিনি পলাতক ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার গ্রেপ্তারের মাধ্যমে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের একটি দীর্ঘদিনের অমীমাংসিত অধ্যায়ে নতুন অগ্রগতি হলো। এখন সেনাবাহিনীর নিজস্ব বিচারিক প্রক্রিয়ায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।