
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের গেট খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জুলাই রাত ৭টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট (এমএসএল)। বাঁধের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট (এমএসএল)। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকায় উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের স্বার্থে আগামী শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে।
কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে প্রায় ৯ হাজার কিউসেক পানি স্পিলওয়ে দিয়ে ছাড়া হবে। তবে বৃষ্টিপাত, হ্রদের পানির উচ্চতা এবং উজান থেকে পানির প্রবাহের ওপর ভিত্তি করে গেট খোলার সময় ও পানির পরিমাণ প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা হবে।
এদিকে, বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি টারবাইনের মাধ্যমে নিষ্কাশন করা হচ্ছে।
স্পিলওয়ের গেট খোলার সিদ্ধান্তের পর কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।