
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার সময়ই তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নিয়েছিলেন। একইভাবে ডেপুটি স্পিকারও প্রয়োজনে স্পিকারের দায়িত্ব পালনের জন্য শপথ নিয়ে থাকেন।
তিনি জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে পদত্যাগ করেছেন। তিনি সাবেক রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রতি মো. সাহাবুদ্দিন সবসময় সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।
এর আগে স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং অটোনমিক নিউরোপ্যাথিতে ভুগছেন। এছাড়া তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং সাম্প্রতিক সময়ে অসুস্থতার কারণে মাঝে মাঝে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়ছেন।
পদত্যাগপত্রে তিনি বলেন, এসব শারীরিক ও মানসিক জটিলতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব নয়। তাই সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।
সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।