
বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ মর্যাদাপূর্ণ ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি (Orizzonti) প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই উৎসবে এটিই বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা ভেনিসের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে।
প্রায় দুই দশক ধরে সিনেমাটির গল্প নিয়ে কাজ করেছেন রুবাইয়াত হোসেন। ২০০৬ সালে এটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেন। চিত্রনাট্য উন্নয়নের জন্য তিনি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন এবং আন্তর্জাতিক তহবিলও অর্জন করেন।
এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে রুবাইয়াত হোসেন বলেন, বাংলাদেশের সিনেমাকে ভেনিসের মতো বিশ্বমানের উৎসবে প্রতিনিধিত্ব করাতে পারা তার জন্য অত্যন্ত গর্বের এবং এটি তার দীর্ঘদিনের স্বপ্নপূরণ।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্পে দেখা যাবে, এক তরুণী স্বপ্ন দেখে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ের। কিন্তু একটি জটিল রোগে আক্রান্ত হওয়ায় তার জীবন ভিন্ন মোড় নেয়। নানা ঘরোয়া চিকিৎসায় ফল না পেয়ে মানসিক চাপে ভুগতে থাকে সে। একসময় একটি বিউটি পারলারে গিয়ে রহস্যময় এক লম্বা চুলের নারীকে কল্পনায় দেখতে শুরু করে, যা গল্পে নতুন মাত্রা যোগ করে।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম এবং মোহাম্মদ বারী।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন পর্তুগিজ নির্মাতা লিওনর টেলস। এছাড়া বিভিন্ন বিভাগে আন্তর্জাতিক কলাকুশলীরা কাজ করেছেন। রুবাইয়াত হোসেনের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজকরা।