
ব্যক্তিজীবন নিয়ে খুব একটা মুখ না খুললেও এবার জীবনের প্রথম প্রেমের গল্প শেয়ার করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা শাকিব খান। তিনি জানিয়েছেন, একসময় সেই প্রেমিকাকেই বিয়ে করার স্বপ্ন দেখেছিলেন।
সম্প্রতি চ্যানেল আইয়ের অনুষ্ঠান *‘চাঁদ তারার গুঞ্জন’*-এ চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় উঠে আসে শাকিব খানের ব্যক্তিগত জীবনের এ অধ্যায়।
অনুষ্ঠানে পূর্ণিমা পুরোনো স্মৃতিচারণ করে বলেন, শাকিবের একসময় একজনের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি মিডিয়ার বাইরের মানুষ এবং গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতেন।
এরপর শাকিব নিজেই সম্পর্কটির কথা স্বীকার করে বলেন, ‘মনে মনে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। ওর পরিবার খুব ভালো, বনেদি পরিবার। দেখতে খুব সুন্দর ছিল। আমাকেও অনেক ভালোবাসত, আমিও।’
শাকিব জানান, অভিনয়জীবনের কয়েক বছর পর ওই তরুণীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক ভালোভাবে এগোলেও নানা অভিমান ও পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তা বিয়ে পর্যন্ত গড়ায়নি।
সেই সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমি ওখানেই সেটেল্ড হতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি, আমি যেতে চাইলাম কোথায়? আমি কার সঙ্গে থাকতে চাইলাম, ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়! কীভাবে ঘটনাটা ঘটল, আমি নিজেও বুঝতে পারিনি।’
আড্ডার একপর্যায়ে পূর্ণিমা জানতে চান, ওই নারী এখনও অবিবাহিত থাকলে তিনি নতুন করে সম্পর্কের কথা ভাববেন কি না। জবাবে হেসে শাকিব বলেন, ‘জানি না, থাকতেও পারে। তবে সে আরও ভালো কিছু ডিজার্ভ করে।’
প্রথম প্রেম ভেঙে যাওয়ার জন্য অনুশোচনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, ‘বেশি ভালোবাসা থাকলে ছোট ছোট বিষয় নিয়েও অভিমান হয়। ভালোবাসাটা বেশি ছিল বলেই হয়তো কী থেকে কী হয়ে গেল, আমি নিজেও বুঝতে পারিনি। এটা নিয়ে সত্যিই আমার অনুশোচনা হয়।’