
রাষ্ট্রীয় ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহনের সংকট বিবেচনায় ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। তবে দায়িত্বের গুরুত্ব বিবেচনায় ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার জন্য এ সুবিধা বহাল রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের নিরাপত্তা বহরের আকারও ছোট করার সিদ্ধান্ত নেন। এর ধারাবাহিকতায় গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি একাধিক মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ নজমুল হুদা জানান, সরকারি নির্দেশনা জারির পর থেকেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রীর নিরাপত্তায় শুধু একজন গানম্যান দায়িত্ব পালন করছেন।
সরকারি সূত্র জানায়, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীতে চলাচলের সময় অধিকাংশ পূর্ণমন্ত্রীকে বিশেষ পুলিশ এসকর্ট দেওয়া হয়েছিল। বর্তমানে মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী রয়েছেন। এসকর্ট প্রত্যাহার করা হলেও প্রচলিত বিধি অনুযায়ী তারা ব্যক্তিগত গানম্যান, সরকারি বাসভবনে নিরাপত্তারক্ষী এবং রাজধানীর বাইরে সরকারি সফরে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তা পাবেন।
পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, একজন মন্ত্রীর এসকর্ট টিমে সাধারণত একজন উপপরিদর্শক (এসআই), চারজন কনস্টেবল এবং একটি পুলিশ পিকআপ ভ্যান থাকে। এসব সদস্যের বেতন-ভাতা ও যানবাহনের জ্বালানি ব্যয় সরকার বহন করে।
সরকার বিশেষ এসকর্ট সুবিধা বহাল রেখেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, নারী ও শিশুবিষয়কমন্ত্রী ড. এজেডএম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের জন্য।
অন্যদিকে ধর্মবিষয়ক, পরিবেশ, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, শিল্প, শ্রম, তথ্য, কৃষি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা, আইন, গৃহায়ণ, শিক্ষা, স্বাস্থ্য, ডাক ও টেলিযোগাযোগ এবং সড়ক পরিবহনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ১৮ জন মন্ত্রীর বিশেষ এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানীতে ৪৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় ১ হাজার ৬৯১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। প্রয়োজনের তুলনায় প্রায় ৯০০ সদস্যের ঘাটতি রয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, জনবল ও যানবাহনের সংকটের কারণে ভিআইপি নিরাপত্তা নিশ্চিত করা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।