
কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মায়ানমারে পাচারের সময় ছয় বস্তা ইউরিয়া সার ও একটি ইজিবাইক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তসংলগ্ন বটতলী এলাকায় অবস্থান নেয়। পরে রাত ১২টা ৫৫ মিনিটে পালংখালী বাজার থেকে একটি ইজিবাইকে করে মায়ানমারে সার পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাওয়ার সময় মো. শাহাজাহান (২১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক শাহাজাহান উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল এলাকার মৃত মনজুর আলমের ছেলে।
বিজিবি জানায়, ইজিবাইক তল্লাশি করে ছয় বস্তা বাংলাদেশি ইউরিয়া সার, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড, একটি হাতঘড়ি এবং পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার ২১০ টাকা।
বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে তেল, সারসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য মায়ানমারে পাচার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে চোরাকারবারিদের চিহ্নিত করে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পাচার কার্যক্রম নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।