
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে প্রয়োজন বিবেচনা করে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসরজনিত সব সুবিধা পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুগ্ম সচিব পদমর্যাদার এসব কর্মকর্তা বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা পূর্বে বিভিন্ন জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে রয়েছেন পটুয়াখালী, ভোলা, বরিশাল, ফেনী, খাগড়াছড়ি, ঝিনাইদহ, পাবনা, সুনামগঞ্জ, কক্সবাজার, রাঙামাটি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর, নাটোর, বান্দরবান, নেত্রকোনা, কুষ্টিয়া, কুমিল্লা, চাঁদপুর, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা, নীলফামারী, কুড়িগ্রাম, শেরপুর, খুলনা, নরসিংদী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, রাজশাহীসহ বিভিন্ন জেলার সাবেক জেলা প্রশাসকরা।
সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এ সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।