
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত আইনে নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের বিধান রয়েছে। সেই অনুযায়ী ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সিইসি বলেন, জাতীয় সংসদ অধিবেশনে থাকলে নির্বাচন একটি পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, আর অধিবেশন না থাকলে আইনে নির্ধারিত ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হবে। তবে নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। দিনক্ষণ নির্ধারণ হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা সরবরাহ করতে সংসদ সচিবালয়ের কাছে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।
বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং তাহমিদা আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী আগামী ২২ অক্টোবরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।