
মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার ও খাদ্যপণ্যসহ ছয়জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুলাই বিকেলে নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চরসংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাসানচর একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল জব্দ করা হয়।
এ সময় বোটসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়েছে।
জব্দ করা মালামাল, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।