
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে তিনি তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে দুই হাত না থাকা নীলা খাতুন ও আয়েশা আক্তার পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। নীলা খাতুনকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আয়েশা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।