
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া উপকূলে একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছেন। নৌকাটিতে থাকা মাঝিমাল্লাসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ১৮ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে তারা বাংলাদেশে পালিয়ে আসার সময় নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা উদ্ধারকাজ চালিয়ে জীবিতদের উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেন।
স্থানীয় জেলে মো. ইসমাইল বলেন, নৌকাটিতে ৩১ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ১৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কোনো নারী বা শিশু নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা দাবি করেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা আগে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারে গিয়েছিলেন এবং সাম্প্রতিক পরিস্থিতিতে আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
টেকনাফ বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, উদ্ধার হওয়া ১৮ জন বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন। তারা কী কারণে বাংলাদেশে এসেছেন, তা যাচাই করে পরে বিস্তারিত জানানো হবে।
বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে প্রায় সাড়ে ১২ লাখ নিবন্ধিত রোহিঙ্গা অবস্থান করছেন। ২০১৭ সালে রাখাইনে সহিংসতার পর প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।