জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নতুন পে-স্কেলে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত হবেন কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। এ নিয়ে পরবর্তী সময়ে সরকারের সিদ্ধান্ত জানানো হবে।
নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন কবে জারি হতে পারে—এ বিষয়ে নাসিমুল গনি বলেন, চলতি সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি হওয়ার আশা রয়েছে। তবে এ ক্ষেত্রে একটি নয়, বেশ কয়েকটি গেজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের আওতায় অন্তর্ভুক্ত করার দাবি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে এ বিষয়ে ইতিবাচক বক্তব্য দেওয়া হয়েছে।
তবে জাতীয় বেতন স্কেল-২০২৬ মন্ত্রিসভায় অনুমোদন পেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে নতুন পে-স্কেলের সুবিধা তারা পাবেন কি না, সে বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হচ্ছে।
এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়। নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং এর কার্যকারিতা ধরা হবে ১ জুলাই ২০২৬ থেকে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮—এই দুই অর্থবছরে পর্যায়ক্রমে নতুন মূল বেতন বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
BanglaDock