বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি ব্যাটারিচালিত ইজিবাইকসহ মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের নিকটবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে আম্মাজান কমিউনিটি সেন্টারের কাছে একটি সেতু সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিজিবির একটি আভিযানিক দল একটি ব্যাটারিচালিত ইজিবাইক ধাওয়া করলে চালক ও ইয়াবা বহনকারীরা ইজিবাইক এবং সঙ্গে থাকা ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে ইজিবাইকসহ মালিকবিহীন অবস্থায় তিনটি কার্টনে রাখা মোট ৩০ হাজার ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কঠোর নজরদারি বজায় রেখে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে।
BanglaDock