`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সরাসরি বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশ, টানা তৃতীয়বার বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
সরাসরি বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশ, টানা তৃতীয়বার বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের সিরিজ জয়ের পর আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর র‌্যাঙ্কিংয়ের কাট-অফের পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার কথা রয়েছে।


বিশ্বকাপের আয়োজক দুই দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ইতোমধ্যে সরাসরি মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। এই দুই দল বাদ দিয়ে ৩০ সেপ্টেম্বরের কাট-অফ অনুযায়ী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।


রোববার (৯ আগস্ট) বেলফাস্টে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে আফগানিস্তান শীর্ষ আটে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। বর্তমান হিসাবে সরাসরি বিশ্বকাপে খেলার অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান এবং বাংলাদেশ।


ফলে বাংলাদেশের বাছাইপর্ব এড়িয়ে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলা প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ।


অন্যদিকে, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে আবারও বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে। ক্যারিবীয় দলটি বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে। ভারতের বিপক্ষে বাকি দুটি ওয়ানডে জিতলেও তাদের শীর্ষ আটে ওঠার সুযোগ নেই।


এ নিয়ে টানা তৃতীয় বিশ্বকাপ চক্রে বাছাইপর্ব খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৩ বিশ্বকাপে তারা বাছাইপর্ব পেরোতে ব্যর্থ হয়েছিল এবং ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা হারায়। ওই ব্যর্থতার কারণে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলতে পারেনি ক্যারিবীয়রা।


২০২৭ বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড নন-হোস্ট পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকা দুই দল হিসেবে অংশ নেবে। তাদের সঙ্গে থাকবে ওয়ার্ল্ড কাপ লিগ-২ এবং কোয়ালিফায়ার প্লে-অফ থেকে উঠে আসা দলগুলো।


এবার বিশ্বকাপে ওঠার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা পাবে। দ্বিতীয় থেকে চতুর্থ স্থানে থাকা দলগুলো একটি সুপার সিরিজ খেলবে এবং সেই সিরিজের বিজয়ী দলও বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে।


তবে র‌্যাঙ্কিংয়ে শেষ মুহূর্তে বড় কোনো পরিবর্তন না হলে বাংলাদেশকে বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে না। ৩০ সেপ্টেম্বরের কাট-অফের পর আনুষ্ঠানিক ঘোষণা এলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু

হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু