`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

উখিয়ায় রিসোর্টে আগুনে নিহত ১০, চারজনের মরদেহ টয়লেটে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
উখিয়ায় রিসোর্টে আগুনে নিহত ১০, চারজনের মরদেহ টয়লেটে ছবির ক্যাপশন: আগুনে টয়লেটে আশ্রয় নেয়া নিহত দুই তরুণী।
ad728

কক্সবাজারের উখিয়ার ইনানীতে পাটোয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আগুন থেকে বাঁচতে টয়লেটে আশ্রয় নিয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।


শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তিনতলার দুটি শৌচাগার থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগুন থেকে বাঁচতে তারা সেখানে আশ্রয় নিয়ে পানি ব্যবহার করে নিজেদের রক্ষার চেষ্টা করেছিলেন।


নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন ঢাকার ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ। শনাক্ত হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন নারী ও একজন শিশু।


এ ঘটনায় দগ্ধ ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।


ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানিয়েছেন, রিসোর্টটি ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স নেয়নি। গত জুনে ফায়ার সার্ভিসের একজন পরিদর্শক রিসোর্টটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন এবং নোটিশ দিয়েছিলেন। এরপরও প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে প্রতিষ্ঠানটি ব্যবসা পরিচালনা করে আসছিল।


ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এটি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কোনো কারণ বলা সম্ভব নয় বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০