কক্সবাজারের উখিয়ায় বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে আসামীবিহীন এক লাখ পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ও উখিয়া থানা পুলিশের অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল নিয়মিত টহল পরিচালনার সময় বালুখালী বিএসপি পোস্টের দক্ষিণ পাশে ফাইসা খাল এলাকায় নৌকাযোগে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে।
এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে নিচে অভিনব কায়দায় একটি বক্সের মধ্যে লুকানো অবস্থায় প্রায় ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
এদিকে একই দিন রাত আনুমানিক ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির বিশেষ টহল দল ও উখিয়া থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। নারিকেল বাগান এলাকায় একটি জলাভূমির নিচে লুকিয়ে রাখা অবস্থায় আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দুই অভিযানে মোট এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় এবং নিজস্ব গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
BanglaDock