বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ছয় রাবার শ্রমিক অপহরণের ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মিজানুর রহমান (২৬)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার বিকেলে কক্সবাজার সদর উপজেলার জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১৫ জানিয়েছে।
র্যাব জানায়, গত ৩ জুলাই রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং বড়ইঝিরি এলাকার একটি রাবার বাগান থেকে অস্ত্রধারী দুর্বৃত্তরা ছয়জন রোহিঙ্গা শ্রমিককে অপহরণ করে। পরে অপহৃতদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তাদের শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় অপহরণ মামলা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার মিজানুর রহমান অপহরণচক্রের মূল পরিকল্পনাকারী। তিনি মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার পলাতক আসামি। অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তার মিজানুর রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
BanglaDock