`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে কোটি টাকার টেকনিক্যাল সেন্টারের জায়গা পেল বাফুফে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
কক্সবাজারে কোটি টাকার টেকনিক্যাল সেন্টারের জায়গা পেল বাফুফে ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ১৫ দশমিক ২০ একর জমি পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রামু উপজেলার রশিদনগরের ধলিরছড়া মৌজায় সরকার নামমাত্র মূল্যে জমিটি বাফুফের অনুকূলে লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


আগামী সোমবার কক্সবাজারে জেলা প্রশাসন ও বাফুফের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বাফুফের গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি জানান, ভূমি মন্ত্রণালয় জমির মূল্য বাবদ কয়েক কোটি টাকা চেয়েছিল। তবে বাফুফের আর্থিক সামর্থ্য না থাকায় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রী ১ লাখ ১ টাকা নামমাত্র মূল্যে জমিটি বাফুফেকে লিজ দেওয়ার নির্দেশনা দেন।


এর আগে কাজী সালাউদ্দিনের সময় রামুতেই ফিফা টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য চুক্তি হয়েছিল। তবে অধিকাংশ জমি বনাঞ্চলের মধ্যে পড়ায় পরিবেশবাদী সংগঠনগুলোর আপত্তির মুখে সেই চুক্তি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। পরে কক্সবাজারের অন্য এলাকায় নতুন জমি খুঁজে পায় বাফুফে।


জমি বরাদ্দ পেতে দীর্ঘ সময় লাগায় ফিফার অনুদান হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ফিফার নিয়ম অনুযায়ী, প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ফেডারেশনের নামে অন্তত ২০ বছরের জমির মালিকানা বা দখল থাকতে হয়।


বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন বলেন, অবশেষে টেকনিক্যাল সেন্টারের জায়গা-সংক্রান্ত জটিলতার সমাধান হয়েছে। সোমবার চুক্তি স্বাক্ষরের পর তা ফিফায় পাঠানো হবে। অনুদান আগে থেকেই বরাদ্দ থাকায় দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।


তিনি জানান, টেকনিক্যাল সেন্টারে তিনটি ফুটবল মাঠ, জিম, সুইমিংপুল ও দুটি ডরমেটরি নির্মাণের পরিকল্পনা রয়েছে। একই দিন কক্সবাজারে বাফুফের নির্বাহী কমিটির সভাও অনুষ্ঠিত হবে। সেখানে টেকনিক্যাল সেন্টারসহ ফুটবলের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কক্সবাজার হচ্ছে সিটি করপোরেশন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কক্সবাজার হচ্ছে সিটি করপোরেশন: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা