কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের ২৯ সেপ্টেম্বরের দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর উপজেলায় ৫ জন, উখিয়ায় ৫ জন, রামুতে ১ জন, পেকুয়ায় ৬ জন, কুতুবদিয়ায় ৪ জন, মহেশখালীতে ২ জন, ঈদগাঁওয়ে ৬ জন এবং অন্যান্য এলাকায় ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। টেকনাফে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।
চলতি বছরে এ পর্যন্ত কক্সবাজার জেলায় মোট ৬ হাজার ৮৭৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন।
উপজেলাভিত্তিক হিসাবে চলতি বছরে কক্সবাজার সদরে ১ হাজার ২২৭ জন, উখিয়ায় ৮১৯ জন, রামুতে ৬১০ জন, চকরিয়ায় ১ হাজার ৭৫ জন, পেকুয়ায় ৬৭৮ জন, কুতুবদিয়ায় ২১৪ জন, মহেশখালীতে ৭৯৮ জন, টেকনাফে ৫৬৯ জন, ঈদগাঁওয়ে ৬৮৪ জন এবং অন্যান্য এলাকায় ৩৬৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানান, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও বিভিন্ন স্থাপনার আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি এডিস মশার লার্ভা ধ্বংসে সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
BanglaDock