`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিকস, ডিজিটাল সেবা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা এবং লজিস্টিকস খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।


বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী, বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।


প্রধানমন্ত্রী দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে বলেন, সরকার একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে দেশীয় ও বিদেশি উদ্যোক্তারা আস্থার সঙ্গে বিনিয়োগ করতে পারবেন। তিনি বলেন, বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে সরকার প্রস্তুত।


তিনি বলেন, বিদেশি ও দেশীয় বিনিয়োগ দেশের কর্মসংস্থান বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


নিজের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসার সাফল্য কেবল উদ্যোক্তার দক্ষতার ওপর নয়, বরং প্রবৃদ্ধি-সহায়ক সরকারি নীতিমালার ওপরও নির্ভরশীল। বাংলাদেশের দ্রুত সম্প্রসারণশীল অভ্যন্তরীণ বাজার, তরুণ কর্মক্ষম জনশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং জনসমর্থনপুষ্ট সরকার দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।


সরকারের অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনার অংশ হিসেবে বিনিয়োগের আইনি সুরক্ষা জোরদার, কর ও ভ্যাট ব্যবস্থা সহজীকরণ, ব্যবসাবান্ধব নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলা, মুনাফা স্থানান্তর প্রক্রিয়া সহজ করা, পুঁজিবাজারকে শক্তিশালী করা এবং অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।


এছাড়া প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ, সরকারি সেবার ডিজিটাল রূপান্তর, স্টার্টআপ খাতে সহায়তা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, বন্দর ও লজিস্টিকস উন্নয়ন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাকেও সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী।


তিনি দেশি-বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের উন্নয়নযাত্রার অংশ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘমেয়াদি অংশীদারত্ব, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
উখিয়ায় ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা, নারী আটক

উখিয়ায় ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা, নারী আটক